
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম এয়ারপোর্ট থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি এসব স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
পরিদর্শনকালে সাহেবের বাজারের কালাগুল পুলিশ ফাঁড়ি বাজার এলাকায় স্থাপনের বিষয়ে এলাকাবাসী পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন। এছাড়া পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানাধীন চাঁনপুরে এসএমপির ডগ স্কোয়াডের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় ডগ স্কোয়াডের জন্য এসএমপির অধিগ্রহণ করা জমির সীমানা চিহ্নিত করে চারপাশে বেড়া নির্মাণের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এসএমপির উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম, স্টাফ অফিসার মুহিবুর রহমান, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান, ওসি (তদন্ত) আব্দুস সালামসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি
