প্রকাশিত: ০৮:১৫, ১৬ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জ সার্কিট হাউসে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। এ জন্য ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড (দোতলা) সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
শেখ রবিউল আলম বলেন, সড়ক নিরাপত্তা শুধু সড়কের অবকাঠামোর ওপর নির্ভর করে না। যান চলাচলে শৃঙ্খলা, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, উপযুক্ত ও দক্ষ চালক এবং জনগণের সচেতনতা— সবকিছুই এর সঙ্গে জড়িত। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চ হার উদ্বেগজনক। এ পরিস্থিতির উন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করছে।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। এ লক্ষ্যে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। সড়ক যোগাযোগের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত কৌশলও তৈরি করা হয়েছে। এসব উদ্যোগের সুফল দ্রুত পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী জানান, নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
