বাজিতে মাত্র ৫০০ টাকা জিততে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি বাজারের বলে জানা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের সমালোচনা করছেন অনেকে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রায় দেড় মিনিটের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সর্বপ্রথম প্রকাশ করা স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেন।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষের উপস্থিতিতে এক ব্যক্তি একটি জীবন্ত পাখির শরীর থেকে চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় তাকে ‘৫০০ টাকা মারা খেলো’ বলতেও শোনা যায়।
ভিডিওটি সর্বপ্রথম প্রকাশ করা স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইন বলেন, ‘রাইসুল ইসলাম নামের এক ব্যক্তি পাখির মাংস খাওয়ার ভিডিওটি আমার কাছে পাঠান। যে পাখির মাংস খেয়েছে, তার নাম সাবদুল্লা। কে বাজিটি ধরেছেন, তা আমি বলতে পারি না। তার পরেই আমি ভিডিওটি প্রকাশ করি।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এমন আচরণের সমালোচনা করছেন। তাদের মতে, বাজি বা বিনোদনের নামে একটি জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘অবশ্যই আমরা ঘটনাটি জানতে পেরেছি। মাদারগঞ্জ মডেল থানা ইতোমধ্যে ওই লোকটিকে আটক করেছে। আমরা প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করব।’
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে সাবদুল্লাকে আটক করা হয়েছে। বন বিভাগের সঙ্গে পরামর্শ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
