চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া সরকারি কলেজের উত্তর পাশে, চন্দনাইশ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সৈয়দ মো. রিদোয়ান (৪৫), সৈয়দ মো. মনজুর (১৩), জান্নাতুল আফরা (৭), মোছাম্মৎ আনিস খাতিজা (৩৫) এবং প্রাইভেট কারের চালক মো. আনোয়ার (৩২)। আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রিদোয়ানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে আসা মারসা পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব-১১-১২১৩) নির্ধারিত লেন অতিক্রম করে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী প্রাইভেট কারটির (চট্টমেট্রো-গ-১২-৬০৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
