কুড়িগ্রামের উলিপুরে বাচ্চু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর নাতি রাব্বি (২২)-এর বিরুদ্ধে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাব্বি পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া প্রায় ৫০ বছর ধরে পরিবারসহ রংপুর শহরে বসবাস করছিলেন। ঘটনার দুই দিন আগে তিনি গ্রামের বাড়িতে বড় ভাই এক্কাবর আলীর বাড়িতে বেড়াতে আসেন। অভিযুক্ত রাব্বি ওই এক্কাবর আলীর নাতি। তিনি গাজীপুরের মনিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং সেখানে পরিবার নিয়ে বসবাস করেন। তাঁর বাবার নাম মিঠু মিয়া।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাব্বি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। রাতে তিনি তাঁর ছোট দাদা বাচ্চু মিয়ার সঙ্গে একই কক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক ১টার দিকে (২০ অক্টোবর) মঙ্গলবার রাব্বি তাঁর দাদা এক্কাবর আলী ও দাদিকে ডেকে জানান, তিনি একটি দুর্ঘটনা ঘটিয়েছেন। এ সময় স্বজনেরা তাঁর হাতে রক্তমাখা ছোরা দেখতে পান।
এক্কাবর আলী জানান, নাতির ডাকে ঘুম থেকে উঠে তাঁর হাতে রক্তমাখা ছোরা দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে ছোট ভাই বাচ্চু মিয়াকে বিছানায় ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর গলাসহ হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই রাব্বি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
The post উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, হাত-পা বিচ্ছিন্ন; নাতি পলাতক appeared first on Dhaka Protidin.
