ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ এবং ওয়াশ সেক্টর উন্নয়ন পরিকল্পনা ২০২৬-২০৪০ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর ডিসি অফিসের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে দিনব্যাপী এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জাতীয় পাবলিক টয়লেট নীতিমালার অন্তর্নিহিত কল্যাণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা। শুধু অন্যের সমালোচনা না করে নিজ নিজ দপ্তরে স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তাগিদ দেন বিভাগীয় কমিশনার।
সভাপতির বক্তৃতায় যুগ্ম সচিব সাইফুল ইসলাম মজুমদার বলেন, এই অবহিতকরণ সভার মাধ্যমে ময়মনসিংহে এই নীতিমালা এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি আরও ব্যাপক প্রচার পাবে বলে আমরা বিশ্বাস করি। সকলের আলোচনা সভাকে সমৃদ্ধ করেছে।
জেলা প্রশাসক মো: সাইফুর রহমান স্থানীয় সরকার বিভাগ ও বিভাগীয় কমিশনারকে এ সভার জন্য ধন্যবাদ জানান এবং ময়মনসিংহে তাঁর নেতৃত্বে পরিচালিত ‘ক্লিন সানডে’ কর্মসূচির ওপর আলোকপাত করেন। এর আগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুয়ে মেন জো ও তাঁর সহযোগী জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ এবং ওয়াশ সেক্টর উন্নয়ন পরিকল্পনা ২০২৬-২০৪০ এর ওপর মনোজ্ঞ উপস্থাপনা পরিবেশন করেন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, বিভাগীয় উপ-পরিচালক (স্থানীয় সরকার) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ব্যবস্থাপনা) ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) উম্মে হাবিবা মীরা বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন।
ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের জনস্বাস্থ্য প্রকৌশল, পরিবেশ, তথ্য, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, ক্রীড়া, সমাজসেবা প্রভৃতি দপ্তরসমূহের প্রধানগণ সভায় যোগ দেন।বিৃ
The post ময়মনসিংহে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা অবহিতকরণ সভা appeared first on Dhaka Protidin.
