নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সুজন (৩৮) ও আহত ব্যক্তিরা উপজেলার বান্টি এলাকার মালুপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সবাই আধুরিয়া এলাকা থেকে মাছ ধরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য ছয়জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকার লালমাটিয়ায় ‘বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল’ এবং স্থানীয় গাউছিয়ার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
