ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর দীর্ঘ সময় আড়ালে ছিলেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতাকে নিয়ে সেই ভিডিও ঘিরে কম আলোচনা-সমালোচনা হয়নি। ঘটনার এক মাসেরও বেশি সময় পর এবার সামাজিক মাধ্যমে ফিরেছেন পাভেল।
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সেট থেকে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে পাশা ভাইয়ের কক্ষে থাকা ম্যানিকুইনের সামনে হাস্যরসাত্মক ভঙ্গিতে দেখা গেছে তাকে।
ছবিতে ম্যানিকুইনটির গায়ে নীল রঙের কাপড় জড়ানো। মুখে জোকারের মুখোশ এবং পরনে ব্যাঙের ছাপযুক্ত অন্তর্বাস। পুতুলটির দিকে হাস্যরসাত্মক ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় পাভেলকে।
ছবিটির ক্যাপশনে পাভেল লিখেছেন, ‘যাদের বন্ধু-বান্ধব ভাবছিলি, এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’
এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে তাকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।
এরপর পাভেলের প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে তাকে ঘিরে আলোচনা ও সমালোচনা আরও বেড়ে যায়।
উল্লেখ্য, ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।
প্রতিযোগিতা শেষে দেশে ফিরে স্টেজ শো এবং ছোট ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন পাভেল। তবে শুরুর দিকে কাঙ্ক্ষিত পরিচিতি পাননি তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু হয় তার।
পরে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি বদলে দেয় পাভেলের ক্যারিয়ারের গতিপথ। এতে ‘জাকির হোসেন নেইমার’ তথা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। চরিত্রটি তাকে রাতারাতি পরিচিত মুখে পরিণত করে।
/অ
