নিজস্ব প্রতিবেদক · ১৩ অক্টোবর, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন
বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
ভিসা প্রতারণা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, এ পর্যন্ত ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান সিলগালাও করা হয়েছে। এসব ঘটনায় নিয়মিত মামলা করার পাশাপাশি প্রতারণা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, রিক্রুটিং এজেন্সির পাশাপাশি অনেক ট্রাভেল এজেন্সিও বিদেশে কর্মী পাঠানোর কাজে যুক্ত হচ্ছে। অথচ কর্মী পাঠানো ট্রাভেল এজেন্সির কাজ নয়। এ ধরনের অনিয়ম বন্ধ করতে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এর দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের পরিস্থিতি সম্পর্কেও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সরকার নিয়মিত তাঁদের খোঁজখবর রাখছে। প্রবাসীদের সতর্ক থাকতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সমস্যায় পড়লে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া আক্রান্ত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
