স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশার বনেট তল্লাশি করে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এঘটনায় অটোরিকশার চালক নুরুল ইসলাম আকাশকে (২৭) আটক করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৬ হাজার টাকা।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটে জৈন্তাপুরের শাপলা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়। এসময় মদ বহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়। আটক নুরুল ইসলাম আকাশ সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়ারপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এঅভিযান চালানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
