।। খবর বিজ্ঞপ্তি।।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সহযোগিতা করায় খুলনা মহানগর বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটি, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নগরবাসিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।
বুধবার (২১ অক্টোবর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য উপলক্ষ। এ উৎসবকে আনন্দময় ও নিরাপদ রাখতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার মাধ্যমে নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের। এ দেশে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। শারদীয় দুর্গোৎসব সেই ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করে।
উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোতে গিয়ে স্থানীয় মন্দির কমিটি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় পূজার আয়োজন, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এ ধরনের উদ্যোগ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
খুলনা মহানগর বিএনপি দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির সদস্যদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা করেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে পূজা উদযাপন কমিটি, মন্দির পরিচালনা কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিবৃতিদাতারা হলেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ।
