স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বরিশালের কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ানোর তথ্য নিশ্চিত করেছেন।
এ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
