পাবনা সদর উপজেলার জালালপুরে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এতে আহত অন্য দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তুহিন মোল্লা/এসএএস
