- ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
লিঙ্কন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রস্তুতি হিসাবেই কিউয়িদের দেশে ‘এ’ দলের সফরকে দেখা হচ্ছে। সেজন্যই শ্রেয়স ব্রিগেডের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের নজরে থাকবে তিন ম্যাচের বেসরকারি টেস্টের এই সিরিজ। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের প্রথম ম্যাচ শুরু শনিবার। সেখানে লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাদিক্কাল, ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন, আকাশ দীপ, অংশুল কম্বোজ, আকিব নবি, মুকেশ কুমারদের দিকে থাকছে ফোকাস। এরমধ্যে আকিব ও মুকেশ ছাড়া বাকি সবাই রয়েছেন টেস্ট স্কোয়াডে। খেলতে পারেন বাঁ-হাতি স্পিনার মানব সুথারও। ফিট থাকলে ঋষভ পন্থও খেলতেন এই ম্যাচ। তবে তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে চোট সারিয়ে ওঠার লড়াইয়ে ব্যস্ত। ভারত ‘এ’ দলের দলের ক্যাপ্টেন ধ্রুব জুরেল। নিউজিল্যান্ডের কন্ডিশনে লাল বলের ফরম্যাটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই থাকছে রাহুল, যশস্বীদের লক্ষ্য।
এই সিরিজের জন্য নিউজিল্যান্ডও ঘোষণা করেছে শক্তিশালী দল। ১৯ জনের স্কোয়াডে ১১জন আন্তর্জাতিক ক্রিকেটার। প্রথম দুই ম্যাচের অধিনায়ক ঘোষিত হয়েছেন রাইস মারিউ। তৃতীয় ম্যাচের ক্যাপ্টেন পরে ঘোষণা করা হবে।
