প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খেলাধুলা কেবল প্রতিযোগিতার বিষয় নয়, বরং মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমের চেতনাকে আরও দৃঢ় করে। সুস্থ, সচেতন, কর্মক্ষম ও আত্মপ্রত্যয়ী জাতি গঠনে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার (২১ অক্টোবর) ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাণীতে প্রধানমন্ত্রী প্রতিযোগিতার আয়োজক, অংশগ্রহণকারী অ্যাথলেট, প্রশিক্ষক, কর্মকর্তা, বিচারক, ক্রীড়া সংগঠকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি আয়োজনটির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
তারেক রহমান বলেন, এ প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়; দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ারও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং তরুণ-তরুণীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্সের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রীড়া এখন শুধু বিনোদন কিংবা শারীরিক সুস্থতা অর্জনের মাধ্যম নয়, এটি পেশা হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার স্কুল পর্যায় থেকেই ক্রীড়া শিক্ষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছে।
তাঁর মতে, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা অর্জনের পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সব অ্যাথলেটকে নিয়মনীতি মেনে নিষ্ঠা ও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে নিজেদের সেরাটা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিযোগিতার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে আয়োজক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
এমএ
