নিউজ ডেস্ক
নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তবে ঢাকাসহ বাংলাদেশে ভারতের সব কূটনৈতিক মিশন খোলা থাকবে এবং কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
মঙ্গলবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কতামূলক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সূত্র আরও জানায়, বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে এ সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। প্রয়োজনীয় সব সেবা আগের মতোই চালু থাকবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উভয় দেশে একে অপরের মিশনের সামনে বিক্ষোভসহ বিভিন্ন ঘটনায় কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের মতে, এসব প্রেক্ষাপটেই ভারত এমন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
