কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর প্রধান পিলারের কাছে আয়োজিত এক বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন—ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন এবং কনস্টেবল (নং ২১৬৬) রহিত দেওয়ান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির অধীন নারায়ণপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এই সৌজন্য ও আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা আটক দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেন।
হস্তান্তরকালে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন। বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন দেবিদ্বার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন ও ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
হস্তান্তর প্রক্রিয়া শেষে দুই পুলিশ সদস্যকে সুস্থ অবস্থায় প্রাথমিক আইনগত ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পাদনের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আমাদের কুমিল্লা অফিস জানায়
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন।
পরে ভারতীয় বাসিন্দারা তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। সহকর্মীকে ফিরিয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনও আটক হন।
ঘটনার পর দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও আলোচনা শুরু করেন। প্রায় ১৫ ঘণ্টার প্রচেষ্টার পর শুক্রবার দুপুরে তাদের ফিরিয়ে আনা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকেই আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছিল। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তাদের বাংলাদেশি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে।
