ভারতের মুম্বাইয়ের জুহুতে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে, তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান টাইগার শ্রফ। গুলিতে অভিনেতার গাড়ির চালক আহত হয়েছেন। আজ রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রতিবেদন থেকে জানা গেছে, টাইগার শ্রফ একটি ফুটবল মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। ভিডিওতে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন। তিনি জানান, টাইগার শ্রফ তাদের ‘হিট লিস্টে’ রয়েছেন। কারণ টাইগার শ্রফ তাদের নির্দেশনা মানছিলেন না এবং তিনি সালমান খানের সঙ্গে কাজ করছিলেন। গুজরাটের কারাগারে বন্দি লরেন্স বিষ্ণোই এর আগেও একাধিকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন।
টাইগার শ্রফ ও সালমান খান এখনও পর্যন্ত কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি, তবে বলিউড অভিনেতা হিসেবে তাদের মধ্যে বেশকিছু যোগসূত্র রয়েছে। শোনা যায়, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে পরামর্শ দিয়ে টাইগার শ্রফের বলিউড অভিষেকের পথ প্রশস্ত করতে সাহায্য করেছিলেন সালমান খান। টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ সালমান খানের সঙ্গে বেশ কয়েকটি বড় চলচ্চিত্রে কাজ করেছেন। এ ছাড়া তাদের দুজনকে বিভিন্ন মঞ্চে একসঙ্গে দেখা গেছে এবং তারা প্রায়শই একে অপরের শারীরিক সক্ষমতা ও অ্যাকশন চলচ্চিত্রের প্রতি নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করেছেন।
