দুপচাঁচিয়ায় মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় বিসর্জন ঘাটে ধর্মীয় নাচ-গান ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। পূজা-অর্চনা শেষে মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন। আনন্দ, ভালোবাসা ও ভক্তির আবহে সিঁদুর খেলা শেষে বিদায়ের সুরে ভারী হয়ে ওঠে পরিবেশ। ঢাকের বাদ্য আর ভক্তদের আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অশ্রুসিক্ত নয়নে প্রিয় মাকে বিদায় জানান ভক্তরা। পৌর এলাকার সব প্রতিমা কেন্দ্রীয় বিসর্জন ঘাটে আনার পর প্রতিটি মন্দিরের সদস্যরা ধর্মীয় নাচ-গান ও নানা আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। প্রতিমা বিসর্জনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রতিটি মন্দিরের সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবকরা। বিজয়ার এ মুহূর্তে একদিকে ছিল উৎসবের আনন্দ, অন্যদিকে ছিল মাকে বিদায় জানানোর গভীর বেদনা। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন ইউএনও শাহরুখ খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, ওসি তাজমিলুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।