কালবেলা · স্বাস্থ্য
কাঁধের জড়তা দূর করতে প্রতিদিন যে ব্যায়াম জরুরি
১৩/১০/২০২৬

হাত ওঠানো, পেছনে নেওয়া কিংবা শরীরের নানা নড়াচড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাঁধের সন্ধি। কিন্তু দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকা, পেশির দুর্বলতা কিংবা পর্যাপ্ত নড়াচড়ার অভাবে কাঁধের স্বাভাবিক গতিশীলতা কমে যেতে পারে।
এতে ঘাড়, মাথা ও চোয়ালে ব্যথার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই কাঁধের নমনীয়তা ধরে রাখতে প্রতিদিনের রুটিনে সহজ একটি ব্যায়াম যোগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খবর এনবিসি নিউজের।
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, শরীরের বিভিন্ন সন্ধির মধ্যে কিছু একেবারেই নড়ে না, কিছু সীমিতভাবে নড়াচড়া করে। আবার কিছু সন্ধি বিস্তৃত পরিসরে নড়াচড়া করতে পারে। কাঁধ এ ধরনের সন্ধির অন্তর্ভুক্ত, যা সামনে, পাশে ও পেছনে হাত নড়াচড়ায় সহায়তা করে।
‘টুডে’ প্রকাশিত এক প্রতিবেদনে কাঁধের গতিশীলতা যাচাই ও উন্নত করতে ‘শোল্ডার কারস’ নামের একটি ব্যায়ামের কথা বলা হয়েছে। সিএআরএস-এর পূর্ণরূপ ‘কন্ট্রোলড আর্টিকুলার রোটেশন’।
ব্যায়ামটি সম্পর্কে ফিজিক্যাল থেরাপির বিশেষজ্ঞ ও প্রশিক্ষক কারেনা উ বলেন, বাড়িতেই এ ব্যায়ামের মাধ্যমে কাঁধ কতটা স্বাভাবিকভাবে নড়াচড়া করছে, তা বোঝা যায়।
কাঁধের নড়াচড়া সীমিত হলে শরীরের অন্য অংশকে বাড়তি কাজ করতে হয়। উর মতে, কাঁধ ঠিকমতো নড়াচড়া না করলে ঘাড়ের পেশি সেই ঘাটতি পূরণের চেষ্টা করে। এতে ঘাড়, মাথা কিংবা চোয়ালে ব্যথা হতে পারে।
যেভাবে করবেন ব্যায়ামটি
প্রথমে দুই হাত শরীরের পাশে রেখে পেটের পেশি শক্ত রাখুন। এরপর একটি হাত ধীরে নিয়ন্ত্রণের সঙ্গে সামনে তুলুন এবং কানের পাশ পর্যন্ত নিয়ে যান। তারপর হাতের তালুর দিক ঘুরিয়ে বাহুটি মাথার ওপর দিয়ে পেছনে নিন। বৃত্তাকার নড়াচড়া সম্পন্ন করে হাতটি আবার শরীরের পাশে ফিরিয়ে আনুন। একইভাবে অন্য হাতেও ব্যায়ামটি করুন।
বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন পাঁচ থেকে আটবার এ ব্যায়াম করা যেতে পারে। এতে কাঁধের নড়াচড়ার পরিসর উন্নত করতে সহায়তা মিলতে পারে।
তবে ব্যায়ামের সময় ব্যথা হলে জোর করে হাত নাড়ানো উচিত নয়। দীর্ঘস্থায়ী ব্যথা বা নড়াচড়ায় বাধা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: এনবিসি নিউজ
মূল প্রতিবেদনে যান ↗