সংবাদ · সাধারণ
দুই বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ
১৯/১০/২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ স্বর্ণের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (১৯ অক্টোবর) সিআইআইডির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।কাস্টমস গোয়েন্দারা জানান, রোববার (১৮ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রামে চালানো এসব অভিযানে মোট ৩ কেজি ২০০ গ্রামের বেশি স্বর্ণ উদ্ধার করা হয়। এর মধ্যে মালদ্বীপ থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের দুই যাত্রীর মলদ্বার থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪ কোটি টাকা মূল্যের প্রায় ২ কেজি ৭৩৪ গ্রামের ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করা হয়। অভিযুক্ত ওই দুই যাত্রীর নাম মোহাম্মদ সোলায়মান ও জোবায়েদ আহমেদ।অন্যদিকে, একই দিনে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আসা কামরুল ইসলাম নামের আরেক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় রান্নার ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৬৬ গ্রাম ওজনের ৪টি খণ্ডিত স্বর্ণবার জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৯৮ লাখ ৩০ হাজার টাকা।উদ্ধার করা এসব স্বর্ণের বিশুদ্ধতা যাচাই ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চোরাচালানের নিত্যনতুন ও অভিনব কৌশল নস্যাৎ করতে বিমানবন্দরগুলোতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সিআইআইডি।/
মূল প্রতিবেদনে যান ↗