নরসিংদী সদর উপজেলার আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার (১৩ অক্টোবর) রফিকুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। এ সময় বাইরে হট্টগোল শুনে তিনি কার্যালয় থেকে বের হয়ে দেখতে পান, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে স্টিলের পাইপ, লাঠি, ছুরি, ককটেল ও ডিম হাতে তার কার্যালয়ের দিকে এগিয়ে আসছেন।
লিখিত অভিযোগে প্রধান শিক্ষক উল্লেখ করেন, কার্যালয়ের দরজার সামনে থেকে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হলে তা তার কপালের বাঁ পাশে লাগে। পরে রফিকুল ইসলাম কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দ্রুত বিদ্যালয় ছেড়ে চলে যেতে বলেন।
প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, রফিকুল ইসলাম নিজে প্রধান শিক্ষক হওয়ার আকাঙ্ক্ষা থেকে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। প্রধান শিক্ষক আসন ছেড়ে না দিলে শিক্ষার্থীদের ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করার নির্দেশ দেন রফিকুল ইসলাম। এ ছাড়া, বিদ্যালয়ের প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র সরিয়ে ফেলা হয়েছে জানিয়ে তাকে আর বিদ্যালয়ে শিক্ষকতা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। আমি কোনো ঘটনার সঙ্গে জড়িত নই।”
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”
