বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে জামায়াতের কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না। জামায়াত কোনো রাজনৈতিক দল না, তারা একটি সমিতি। আর সেই সমিতির আন্ডারে যারা থাকে, কেবল তাদের নিয়েই তারা নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২৩টি পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মণ্ডপ পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি নিয়ে খোকন তালুকদার আরও বলেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে আমরা নিজেরা গিয়ে খোঁজখবর নিচ্ছি। মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা আমাদের পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। আমরা একে একে প্রতিটি মন্দির ও মণ্ডপ পরিদর্শন শেষ করব।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস, কালকিনি থানার ওসি জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
