আজকাল ওয়েবডেস্ক: লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে ক্রিকেট খেললেন যুবরাজ উইলিয়াম। মঙ্গলবার আয়োজিত ‘ক্রিকেট অন দ্য মল’ অনুষ্ঠানে তাঁর সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়, অজিঙ্ক রাহানে, ব্রায়ান লারা, জেমস অ্যান্ডারসন ও জো রুটের মতো তারকাদের। আর সেখানেই ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভের প্রশংসায় পঞ্চমুখ হলেন ব্রিটিশ রাজপরিবারের এই উত্তরাধিকারী। সমর্থকদের সঙ্গে কথা বলার সময় উইলিয়াম বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম সেরা ক্রিকেটার।”
মুম্বইয়ে হতে চলা আর্থশট প্রাইজের অনুষ্ঠানের প্রচারের উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছিল এই ক্রিকেট ম্যাচের। তবে লন্ডনের এই অনুষ্ঠানের পাশাপাশি ভারতীয় ক্রিকেট মহলে এখন আলোচনার কেন্দ্রে সৌরভের নতুন দায়িত্ব। ২০২৭ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। হেমাং বাদানির জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার মহারাজকে।
২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন সৌরভ। পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজির পুরুষ ও মহিলা দলের ক্রিকেট ডিরেক্টর হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। গত বছর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে দিল্লির সহযোগী ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন সৌরভ। এ বার আইপিএলে দিল্লির সিনিয়র দলের কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে সৌরভ জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালস তাঁর হৃদয়ের খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি। দলের মালিকপক্ষ, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই এই দায়িত্ব তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
https://x.com/KensingtonRoyal/status/2110074400775225808
সৌরভের কথায়, “আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে আমি মুখিয়ে রয়েছি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমাদের দলে প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। নতুন মরশুমে দলের সঙ্গে কাজ করে একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তুলতে চাই।”
দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহ-মালিক পার্থ জিন্দালও সৌরভকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক এ বার কোচ হিসেবে দলকে নেতৃত্ব দেবেন। সৌরভের অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে দিল্লি আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের মালিকানা রয়েছে জিএমআর ও জেএসডব্লিউ গোষ্ঠীর হাতে। দুই গোষ্ঠী পর্যায়ক্রমে ফ্র্যাঞ্চাইজির পরিচালনার দায়িত্ব সামলায়। ২০২৬ সালে জিএমআরের পরিচালন পর্ব শেষ হয়েছে। গত দুই মরশুমে প্লে-অফে উঠতে পারেনি দিল্লি। ফলে নতুন মরশুমে সৌরভের সামনে বড় চ্যালেঞ্জ দলকে সাফল্যের রাস্তায় ফেরানো।
অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন ঋষভ পন্থও। দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে খেলোয়াড় বিনিময় চুক্তির মাধ্যমে পন্থের প্রত্যাবর্তন ঘটেছে। এই চুক্তিতে কুলদীপ যাদব গিয়েছেন লখনউ শিবিরে। ফলে নতুন মরশুমে সৌরভের কোচিংয়ে দিল্লির দলগঠন ও পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
