ফরিদপুরের আলফাডাঙ্গায় আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের চেষ্টার অভিযোগে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের নাজমুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মিজানুর রহমান খান ও তার সহোদরদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমিটি নিয়ে আলফাডাঙ্গা সহকারী জজ আদালতে মামলা বিচারাধীন এবং আদালত বিরোধপূর্ণ ওই জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
অভিযোগ উঠেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ মিজানুর রহমান ও তার লোকজন পাকা ভবনের বেজ ঢালাইয়ের কাজ শুরু করেন। এতে বাধা দিতে গেলে সংঘাতের আশঙ্কা তৈরি হয়। পরে ভুক্তভোগী নাজমুল ইসলাম আইনগত প্রতিকার চেয়ে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, ‘এটি শরিকি জমি এবং আমরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। তা ছাড়া তাদের দখলেও আমাদের কিছু জমি রয়েছে।’ এ বিষয়ে ওসি সোহেল সারোয়ার জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সরেজমিনে ঘটনার সত্যতা পায় এবং কাজ বন্ধ করে দেয়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।