ঢাকার ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার বালিয়া ইউনিয়নের পাবরাইল এলাকায় রাতের আঁধারে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মাছচাষি বাবুল রাজবংশী ও তার পরিবার।
ক্ষতিগ্রস্ত মাছচাষি বাবুল রাজবংশী জানান, তিনি একটি পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছিলেন। তার অভিযোগ, রাতের আঁধারে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় তাঁর আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মাছ মরে যাওয়ায় তিনি আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন।
বাবুল রাজবংশীর ছেলে রতন রাজবংশী বলেন, জমি বর্গা নিয়ে পুকুরটি মাছ চাষের উপযোগী করে তাঁরা মাছ চাষ করছিলেন। এ জন্য তাঁদের বছরে আট লাখ টাকা দিতে হয়। কিন্তু পুকুরের মাছ মরে যাওয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা তাঁদের পক্ষে কঠিন। সরকারি সহযোগিতা পেলে তাঁরা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন বলেন, “তিনি যদি মৎস্য অধিদপ্তরের তালিকাভুক্ত হয়ে থাকেন, তাহলে তাঁকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তিনি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করব।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। পুকুরে কীভাবে বিষ প্রয়োগ করা হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছে পরিবারটি। পাশাপাশি ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তাও কামনা করেছে তারা।
