স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বৃহত্তর চট্টগ্রামের আট গুণীজনকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা। একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি।
সমিতির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল এবং সমিতির সাবেক সভাপতি ও সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সমিতির সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক ও নাছির উদ্দিন এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার জাহেদ মুরাদ।
সংবর্ধিত আট গুণীজনের মধ্যে স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ও নভেরা আহমেদ রয়েছেন। একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও মোহাম্মদ ইউসুফ চৌধুরী। এ ছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সুলিমুল্লাহ খানকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রয়াত গুণীজনদের পক্ষে তাঁদের প্রতিনিধিদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।
The post ৮ গুণীজনকে সংবর্ধনা দিল চট্টগ্রাম সমিতি-ঢাকা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
