মুম্বাইয়ে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) দেওয়া এ নোটিশের প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও এবং অভিনেত্রী সাবা আজাদ। এদিকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইমরানের আইনজীবী দল।
আমির খানের ভাগনে ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ভারতে ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী হিসেবে বসবাস করছেন। গত শনিবার তরুণদের রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ডাকে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন তিনি। এ সময় তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জয়ন মেরি খানসহ চার শতাধিক বিক্ষোভকারীর সঙ্গে তাঁকেও সাময়িকভাবে আটক করে মুম্বাই পুলিশ। পরে ওই দিন সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে বিদেশি নাগরিক হওয়ায় সম্প্রতি ইমরানকে ভারত ছাড়ার নোটিশ দেয় এফআরআরও।
ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্বজন ও সহকর্মীরা। আমির খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি শেয়ার করে বিস্ময় প্রকাশ করেন। তিনি লেখেন, ‘বাহ্, এখন তবে মুম্বাই পুলিশও?’
অন্যদিকে, অভিনেত্রী সাবা আজাদও এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘কী!? এটা পুরোপুরি চরম অর্থহীন ও বাজে একটি সিদ্ধান্ত।’
সরকারি আদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইমরান খানের আইনজীবী দল। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তাঁর আইনজীবীরা জানিয়েছেন, এফআরআরওর দেওয়া ভারত ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে রিট আবেদন করা হবে। আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে আনুষ্ঠানিক আপিল দাখিলের প্রক্রিয়া চলছে। নোটিশের বিরুদ্ধে আপিলের আইনি যুক্তি ও বিস্তারিত বিষয়গুলো দ্রুত আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানিয়েছেন তারা।
এমএমটি
-20261016075237.jpg&w=1440&q=75)