টিফিনের টাকা বাঁচিয়ে ছোট ছোট সঞ্চয়, আর সেই টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা। প্রায় এক মাসের পরিশ্রমে খড়, বাঁশ, মাটি ও রঙের তুলিতে নিজ হাতে দুর্গা প্রতিমা তৈরি করেছে ১১ বছর বয়সী স্কুলছাত্র অভি সূত্রধর। তার উদ্যোগে নেত্রকোণার মদন উপজেলার পরশখিলা গ্রামের সূত্রধর ঠাকুরবাড়িতে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গাপূজা।
অভি ওই গ্রামের কৃষ্ণ সূত্রধরের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা শারীরিক প্রতিবন্ধী। পরিবারের আর্থিক অসচ্ছলতার মধ্যেও ছোটবেলা থেকে মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরির প্রতি আগ্রহ ছিল অভির। বড়দের কাজ দেখে দেখে শিখেছে প্রতিমা তৈরির কৌশল। এবার সেই আগ্রহ থেকেই নিজ হাতে তৈরি করেছে প্রায় দুই ফুট উচ্চতার দুর্গা প্রতিমা।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে দিন-রাত পরিশ্রম করে খড়, বাঁশ, মাটি ও সুতলি দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করে অভি। পরে রং-তুলির আঁচড়ে প্রতিমাটিকে পূর্ণাঙ্গ রূপ দেয় সে। স্কুলের টিফিনের টাকা জমিয়ে নিজের স্বপ্নের এই কাজ শুরু করলেও পরে তার উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পরিবারের সদস্য, এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের লোকজন।
নিজেদের পাড়ায় এতদিন দুর্গাপূজার আয়োজন না হওয়ায় অন্য এলাকায় পূজা দেখতে যেত অভি ও তার পরিবারের সদস্যরা। এবার নিজেদের উদ্যোগে পূজার আয়োজন করতে পেরে আনন্দিত পুরো গ্রামের মানুষ। অভির তৈরি প্রতিমা দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।
অভি সূত্রধর বলে, ছোটবেলা থেকেই ঠাকুর বানাতে তার ভালো লাগে। প্রথমে মা-বাবা বকাঝকা করলেও এখন সবাই তাকে উৎসাহ দিচ্ছেন। নিজের হাতে প্রতিমা তৈরি করে পূজার আয়োজন করতে পেরে সে খুব আনন্দিত।
অভির বাবা কৃষ্ণ সূত্রধর বলেন, তাঁর ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জিনিস তৈরি করত। প্রথমে বিষয়টি ভালোভাবে না নিলেও এখন ছেলের সৃজনশীলতা দেখে তিনি গর্বিত। তবে আর্থিক অসচ্ছলতার কারণে ছেলের প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। সরকারি সহযোগিতা পেলে অভির প্রতিভা আরও বিকশিত হবে বলে আশা তাঁর।
স্থানীয় ইউপি সদস্য রিপন মিয়া বলেন, এত অল্প বয়সে নিজ হাতে দুর্গা প্রতিমা তৈরি করে পূজার আয়োজন করা বিরল ঘটনা। অভির প্রতিভা প্রশংসার দাবিদার। তার পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হলে শিশুটি ভবিষ্যতে আরও ভালো করতে পারবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, অভি নামে একটি শিশু এত সুন্দর একটি শিল্পকর্ম তৈরি করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মদন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অলক কুমার চৌধুরী জানান, উপজেলায় এবার মোট ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে পরশখিলা গ্রামের স্কুলছাত্র অভির নিজ হাতে প্রতিমা তৈরি করে পূজার আয়োজন বিশেষভাবে নজর কেড়েছে। এ উদ্যোগে গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
শিশু অভির এই উদ্যোগ শুধু একটি প্রতিমা তৈরির গল্প নয়; এটি স্বপ্ন, সৃজনশীলতা ও অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্ত। আর্থিক সীমাবদ্ধতা পেরিয়ে নিজের হাতে গড়া প্রতিমাকে ঘিরে একটি গ্রামের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে সে। এখন অভি ও তার পরিবারের প্রত্যাশা, যথাযথ সহযোগিতা পেলে এই প্রতিভা একদিন আরও বড় পরিসরে বিকশিত হবে।
