পুজোর ছুটিতে বেড়াতে যাবেন ভাবছেন? ভিড় এড়িয়ে একটু নিরিবিলি জায়গা খুঁজছেন যেখানে শান্তিতে পরিবারের সঙ্গে সময় কাটানো যায়? যেতে পারেন উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি গ্রাম দাওয়াইপানিতে।
চার দিকে পাহাড়ের সারি, পাইন গাছের বন, কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে ছবির মতো এই গ্রামটা হয়ে উঠতেই পারে এক দারুণ ঠিকানা।
গ্রামের পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে শুনতে পাবেন পাখিদের গান। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা তার রাজকীয় উপস্থিতি মেলে ধরবে আপনার চোখের সামনে। হোমস্টের বারান্দায় বসে দেখতে পাবেন মেঘেদের আনাগোনা। খুবই শান্ত সুন্দর এবং মিষ্টি এই গ্রামটি। সব মিলিয়ে দাওয়াইপানি নিরাশ করবে না একটুও।
আশপাশটা যদি ঘুরে দেখতে চান, তবে কাছেই আছে তাকদা, লামাহাটার মতো জায়গা।
কী ভাবে যাবেন? কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি। স্টেশন থেকে গাড়ি ভাড়া করে দাওয়াইপানি। রাস্তার পরিস্থিতি অনুযায়ী গাড়িতে এই গ্রামে পৌঁছতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টার মতো সময় লাগতে পারে।
দুই-তিন দিনের জন্য যাতায়াত, হোমস্টে-তে থাকা, খাওয়াদাওয়া মিলিয়ে আনুমানিক ৫০০০–১০০০০ টাকার মতো খরচ হতে পারে।
শুধু যাওয়ার আগে দেখেশুনে বেছে নিন একটি ভাল হোমস্টে। সাধারণত তাদের প্যাকেজেই চার বেলার খাবার ধরা থাকে। ফলে আলাদা করে কী খাবেন, কোথায় খাবেন— সে চিন্তা না করলেও চলে। পুজোর এই সময়টায় দাওয়াইপানিতে একটু ঠান্ডা থাকতে পারে। তাই ব্যাগ গোছানোর সময়ে গরম জামা নিতে ভুলবেন না।
পাহাড়ি গ্রাম। সারাদিন হোমস্টেতে বসে না থেকে আশপাশটা ঘুরে দেখুন। তাই বেছে নিন একটি আরামদায়ক জুতো, যাতে পাহাড়ি রাস্তায় কোনও ভাবেই অসুবিধায় পড়তে না হয়।
এছাড়া সঙ্গে রাখবেন কিছু নগদ। কারণ প্রত্যন্ত পাহাড়ি এলাকায় সচরাচর শহরের মতো এত এটিএম পাওয়া যায় না। তা ছাড়া ওষুধপত্র, প্রয়োজনীয় জিনিস তো রাখবেনই।
ইদানীং ব্যস্ত জীবনই দস্তুর। বেড়াতে যাওয়ার ছুটি মেলাও দায়। তাই কলকাতার পুজোর ভিড়, কোলাহল ছেড়ে শান্তি খুঁজে নিন প্রকৃতির কোলে। ঠিকানা হোক দাওয়াইপানি।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
