সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত করতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংকট নিরসনে খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় খাগড়াছড়ি রিজিয়ন সদর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনসহ বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি, বাস-ট্রাক ও রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধি এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বারবার বাধার কারণে সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়। দীর্ঘদিনের এ অচলাবস্থায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। পরিস্থিতি যেকোনো সময় বড় আকার ধারণ করে সাম্প্রদায়িক সংঘাতের দিকে যেতে পারে বলেও আশঙ্কা জানানো হয়।
আলোচনা শেষে সংকট নিরসনে কয়েকটি সমন্বিত প্রস্তাব উত্থাপন করেন অংশীজনেরা। প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে সড়ক অবরোধকারী আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব করা হয়। এ দলের নেতৃত্বে থাকবেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
সাজেক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে জিম্মি করা এবং এ ধরনের কর্মকাণ্ডে প্রকাশ্যে মদদ দেওয়ার অভিযোগে কার্বারী অ্যাসোসিয়েশনকে কঠোর জবাবদিহির আওতায় আনার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ অবরোধ প্রতিহত করা, এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।
