জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি বলেছেন, বিএনপি আপনাদের একটা ‘ফ’ দিয়েছে। আওয়ামী লীগের সাথে রাজনীতি করায় আওয়ামী লীগও একটা ‘ফ’ দিয়েছে। আওয়ামী লীগের ‘ফ’ বড় আর আমাদের ‘ফ’ ছোট।
তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করে নাই? আমরা দিয়েছি কী? গাড়িতে ফ্ল্যাগ। আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছেন, তারাও একটা ‘ফ’ দিয়েছে, সেই ‘ফ’ তে ফাঁসি। আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝবেন কোন ‘ফ’ এর সঙ্গে থাকবেন। আপনারা আওয়ামী লীগের ‘ফ’ এর সঙ্গে ফাঁসি নিয়ে থাকবেন নাকি ফ্ল্যাগ নিয়ে থাকবেন এই সিদ্ধান্ত আপনাদের।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে বরগুনার বেতাগী উপজেলা শাখা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, হাসিনাকে ভোলাবার জন্য আমাদের মধ্যে কেউ কেউ এমন কৌশল করছে, নানান জাতীয় কথা বলে। পাঁচ মাসে মাথায় আমরা কি আন্দোলন করতে পারি? আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত গ্রুপ। আমরা আপনারা তো একসাথেই আছি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। পাঁচ বছর পরে তারেক রহমানের কাজ যদি আপনাদের পছন্দ না হয় আপনারা ভোট দিয়েন না। আমি নুরুল ইসলাম মণি কাজ পছন্দ না হলে ভোট দিয়েন না। যারে পছন্দ তারে ভোট দেন।
বিদ্যুৎ সংকট পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, হাসিনার বিদ্যুতের ব্যাপারে কোথাও কোনো প্রশ্ন করে যাবে না। এজন্য একটা আইন পাস করছে হাসিনা। কোনো মামলা করতে পারবেন না, পার্লামেন্টে সংশোধনের কোনো প্রশ্ন করতে পারবেন না এবং কোনো মন্ত্রীদের কাছেও প্রশ্ন করতে পারবেন না যে বিদ্যুতের কি হলো। এক বিদ্যুৎ সেক্টর থেকে ১ লাখ কোটি টাকার চেয়েও বেশি টাকা নিয়ে গেছে। দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এই টাকা দেশের মাটিতে বিছিয়ে দিলে দেশের মাটি দুই ফুট উঁচু হয়ে যাবে।
তিনি আরও বলেন, হাসিনার ছেলে বিয়ে করেছে, সেই মেয়েকে প্রায় অনেক মিলিয়ন ডলার খরচ করে ডিভোর্স করতে হয়েছে। জয়ের কোনো ব্যবসা নেই, অনেক মিলিয়ন ডলার পেল কোথায়? ওনার আরেক বোনের ছেলে থাকে ফিনল্যান্ডে, আরেক বোন এবং এক বোনের মেয়ে থাকে লন্ডনে, তার নাম হল টিউলিপ। দুর্নীতির কারণে তার এমপি পদ নাই। এই গুষ্টির বীজ যেখানে যেখানে গেছে, সেখানে সেখানে দুর্নীতির বিস্তার ঘটছে।
চিফ হুইপ বলেন, তারেক রহমান কৃষক কার্ড দেবেন, ফ্যামিলি কার্ড দেবেন। তারেক রহমান টাকা পয়সার ব্যবস্থা করবেন। সারা বাংলাদেশে সৌর বিদ্যুতের ব্যবস্থা হবে। আপনারা যদি ব্যক্তিগতভাবে সৌরবিদ্যুৎ স্থাপন করতে চান, আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এক টাকাও ট্যাক্স দিতে হবে না। আর তিন বছর পর্যন্ত ইনকাম ট্যাক্সও আপনাদের দিতে হবে না। আবার বেশি যদি উৎপাদন হয় সাড়ে ১০ টাকা করে পার ইউনিট সরকার কিনে নেবে। আগামী বছর অক্টোবর মাসের ১৮ তারিখ আপনারা দেখবেন বাংলাদেশে কোনো বিদ্যুতের ঘাটতি তো নাই বিদ্যুৎ আর বিদ্যুৎ এবং বিদ্যুৎ এক্সপোর্ট করতে পারবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে তিনি বলেন, তারেক রহমান বলেছেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। মানুষ দক্ষ হবে। তারেক সাহেব চান আমার সন্তানেরা যাতে এই মানুষ হয়, যাতে নিজে কিছু করতে পারে এবং আর দশটা মানুষকে কাজ করাতে পারে।
কর্মী সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজ বেতাগীতে থাকতে পারবে না। যারা চাঁদাবাজ আছে, ভালো করার চেষ্টা করুন। কাজের ব্যবস্থা করা হবে কাজ করে খাবে। কাজের কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ। প্রত্যেকে একটা দুইটা কাজ পাবে সে রকম পরিস্থিতি আছে। কিন্তু কাজ বাদ দিয়ে চাঁদাবাজি করবা তা হবে না। দুই মাসের মধ্যে হয় থানার ওসি থাকবে, আর না হয় কিশোর গ্যাং থাকবে। থানার ওসি বলেছে সে থাকবে। এই কাজ ওসি একা করতে পারবে না। আপনারা তাকে সহযোগিতা করবেন। অনলাইন জুয়া বেতাগীতে বন্ধ এবং পাঁচ বছরের মধ্যে বেতাগীতে কোনো ভিক্ষুক থাকবে না বলেও জানান তিনি।
মো. আব্দুল আলিম/এসএইচএ
