ডুলুং নদী থেকে ঘটে জল ভরে বেল গাছকে বরণ করে তন্ত্রমতে ষষ্ঠী থেকে দেবীকে দশভুজা দুর্গা রূপে পুজো শুরু করা হয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত দেবীকে সকাল, দুপুর, রাত- তিন বেলা গুঞ্জভোগ, অন্নভোগ ও রাতের ভোগ নিবেদন করা হয়। গুঞ্জভোগে থাকে পায়েস, লুচি, মিষ্টি, লাড্ডু, ঘি ভাত, পাঁচ ধরনের সব্জি ভাজা এবং হাঁসের ডিম সেদ্ধ। অন্নভোগে ভাত, ডাল, পাঁচ রকমের ভাজা, চুনো মাছ ভাজা-সহ বিভিন্ন ধরনের মাছের ঝোল, পাঁপড়, মিষ্টি, চাটনি দেওয়া হয়। রাতের ভোগে লুচি, মিষ্টি, পায়েস দেওয়া হয় দেবীকে। এর মধ্যে বিশেষ ভোগটি হলো বিরাম ভোগ। কথিত আছে, এই ভোগ দেবী নিজেই রান্না করেন।