Published on
:
1 min read
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করতে পারবে রাজ্য সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
কর্মরত কোনও বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত বিচারপতিকে কমিশনে নিযুক্ত করা সম্ভব নয় বলে এ দিন জানিয়ে দেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। তাই রাজ্যকে অবসরপ্রাপ্ত বিচারপতি নির্বাচনের সুযোগ দিয়েছেন প্রধান বিচারপতি।
চোরবাগানের দুর্ঘটনা নিয়ে জরুরি ভিত্তিতে দায়ের জনস্বার্থ মামলা। জরুরি ভিত্তিতে এ দিন শুনানি হয়। মামলার শুনানিতে অভিযোগকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চোরবাগানের প্যান্ডেলের নকশা একটা জেলখানার মতো ছিল। হাওয়া চলাচলের জায়গা নেই, পর্যাপ্ত আলো নেই। পুলিশ কী করছিল? তারা খতিয়ে দেখেননি কেন ? মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী নিজে তো এগুলো দেখবেন না, পুলিশ কী করছিল?’ অন্য দিকে, প্রধান বিচারপতি জানান, রাজ্য সরকারের তরফ থেকে ১৮ অক্টোবরই একজন কর্মরত বিচারপতিকে তদন্ত কমিশনের চেয়ারম্যান করার জন্য চিঠি পাঠিয়েছিল। এটা থেকে বোঝা যায় যে রাজ্যের সদিচ্ছা রয়েছে।
সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং বিচারপতিদের সংখ্যার অপ্রতুলতার কথা মাথায় রেখে কর্মরত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন সম্ভব নয়। হাইকোর্টের নির্দেশ, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিশন গঠন করতে হবে। যেহেতু তদন্ত কমিশনের মাথায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকছেন, তাই হাইকোর্ট এই মুহূর্তে এই তদন্তের নজরদারি করবে না। তদন্ত কমিশন তার চূড়ান্ত রিপোর্ট পেশ করার পরে প্রয়োজন হলে খতিয়ে দেখতে পারে আদালত। উল্লেখ্য, চোরবাগান সর্বজনীনের ঘটনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।
