শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. বাদল পাঠান।
বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী পৌরসভার বিভিন্ন সড়কের কার্পেটিং উঠে যাওয়া ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অংশে ইট, বালু ও কংক্রিট দিয়ে সংস্কারকাজ করা হয়।
সংস্কার করা সড়কগুলোর মধ্যে রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের আমগাছ এলাকাসংলগ্ন পূর্ব মাধবপুরের ১ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা সড়ক এবং ৭ নম্বর ওয়ার্ডের মাধবপুর বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সড়কের বিভিন্ন অংশে মেরামত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কগুলোর বিভিন্ন স্থানে খানাখন্দ ও পিচ উঠে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। দুর্গাপূজা উপলক্ষে মানুষের যাতায়াত বাড়ায় ভোগান্তিও বেড়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করায় পথচারী ও যানবাহন চলাচলে কিছুটা স্বস্তি আসবে বলে তাঁরা আশা করছেন।
বাদল পাঠান বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার উৎসব। পূজার সময়ে পৌরবাসীর চলাচলের দুর্ভোগ কমাতে এবং উৎসবের আনন্দ নির্বিঘ্ন করতে সামর্থ্য অনুযায়ী নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি। মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করব।”
