চিফ লিগ্যাল এইড অফিসারদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৯:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ছবি- সংগৃহীত।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ করার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমানোর আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব ও বিচারব্যবস্থার প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হবে।
বুধবার রাজধানীর মহাখালীর একটি হোটেলে চিফ লিগ্যাল এইড অফিসারদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইনগত সহায়তা কার্যক্রমে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মকর্তারা প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও বাস্তবতা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন। এ অভিজ্ঞতা তাঁদের পেশাগত জ্ঞান সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে বিচারিক দায়িত্ব পালনের সময় কার্যকর ও মানসম্মত রায় দিতে সহায়তা করবে।
তিনি বলেন, বিচারকরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করেন। অন্যদিকে, আইনগত সহায়তা কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তারা সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির পথে বাধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ কার্যক্রমের মাধ্যমে বিচারব্যবস্থার ওপর চাপ কমানো গেলে বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে।
চিফ লিগ্যাল এইড অফিসারদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে মন্ত্রী বলেন, তাঁদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যানবাহন-সংক্রান্ত সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থা এবং ছুটিসংক্রান্ত বিষয়েও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য মূল্যায়নে শুধু কার্যক্রম পরিচালনা নয়, অর্জিত ফলাফলও গুরুত্বপূর্ণ। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রমের অর্জন ও অগ্রগতির ইতিবাচক চিত্র জাতির সামনে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব পালনে জনসেবার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সেবাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করলে বিচারব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ সময় প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতার জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে (জাইকা) ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মোঃ মঞ্জুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাইকার ন্যায়বিচারে প্রবেশাধিকারবিষয়ক প্রকল্পের প্রধান উপদেষ্টা তাকুরো ফুজিওকা এবং আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম। চিফ লিগ্যাল এইড অফিসারদের জন্য প্রথমবারের মতো আয়োজিত এ প্রশিক্ষণে ৩৩ জন কর্মকর্তা অংশ নেন।

