চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার গাউছিয়া মার্কেট ও আন্ডা মার্কেটসংলগ্ন এলাকায় সোমবার (১৯ অক্টোবর) অবৈধ হাইড্রোলিক হর্নবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি বাস থেকে ১০টি হর্ন জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাসগুলোকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শব্দদূষণ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে আইন অমান্য করে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে পাঁচটি পৃথক মামলায় প্রতিটি বাসকে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। এ সময় আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল জানান, মহাসড়কে অতিরিক্ত শব্দদূষণ সৃষ্টিকারী অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
