মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী শকুণি লেকপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, বিচারকের বাসভবনের ঠিক সামনে অবস্থিত ‘স্বাধীনতা অঙ্গনে’ আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশের মাত্র কয়েক ঘণ্টা আগে সমাবেশস্থলের সন্নিকটে বিচারকের বাসভবন সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এই ককটেল বিস্ফোরণের সঙ্গে এনসিপির পূর্বনির্ধারিত সমাবেশের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এনসিপির অভ্যন্তরীণ কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে অথবা সমাবেশকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত কারণ স্পষ্ট হবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
