মোহনগঞ্জে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে তাকে গুলি করা হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সুজন খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরে মিষ্টির দোকানে কাজ করতেন। স্ত্রী সন্তানকে নিয়ে তিনি মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সুজন পালের প্রতিবেশীরা জানায়, রোববার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বের হন সুজন। বাসার পাশেই রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজন গিয়ে সুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার জানান, সুজন পালের পিঠে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান ও ইউএনও আমেনা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি হাফিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলমাত সংগ্রহ করা হয়েছে।