অনলাইন ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
২৩ অক্টোবর শুক্রবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগপত্রে চারজনের সংশ্লিষ্টতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০ অক্টোবর মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
পুলিশ জানায়, অপ্রতিম হত্যাকাণ্ডের ৩১ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। হত্যায় চারজনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তাদের মধ্যে সবাই গ্রেপ্তার হয়েছেন। চারজনের মধ্যে দুইজন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুর শিশু শোধনাগারে রাখা হয়েছে। চারজনের মধ্যে তিনজন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
দ্রুত অভিযোগপত্র জমা দেওয়ায় বিচারের কার্যক্রমও দ্রুত শেষ করা হবে বলে আশা নিহত অপ্রতিমের পরিবারের।
অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বলেন, পুলিশ দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়েছে। এবার বিচারটাও যেন দ্রুত শেষ হয়। আমার ছেলেকে যারা নির্মমভাবে মেরেছে আইন তাদের সর্বোচ্চ শাস্তি দেবে বলে আশা করছি।
এটিভি/ এইচকে
