সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। এবার শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর তাঁর সাজ, অভিব্যক্তি ও বার্তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।
ভিডিওর সঙ্গে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক…’। দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে তাঁর এই বার্তা বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর সাজের প্রশংসা করেছেন। কেউ তাঁকে দেবীর মতো সুন্দর লাগছে বলে মন্তব্য করেছেন, আবার কেউ জানিয়েছেন, তাঁর উপস্থিতি মন কেড়েছে।
অভিনেত্রী হৈমন্তী হৈম মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপনাকে।’ আরেকজনের মন্তব্য, ‘এককথায় দারুণ!’ এ ছাড়া অনেকেই পরীমনির হাসি, সাজ ও অভিব্যক্তির প্রশংসা করেছেন।
তবে নতুন ভিডিও প্রকাশের আগে অন্য একটি ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে তাঁর বিকৃত ভিডিও প্রকাশের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। পাশাপাশি একটি ভিডিও তৈরি করে আসল ভিডিও চেনার উপায়ও তুলে ধরেন তিনি।
সেই ঘটনার আলোচনা চলার মধ্যেই দুর্গাপূজার সাজে নতুন ভিডিও প্রকাশ করলেন অভিনেত্রী। তাঁর নতুন পোস্ট ঘিরে ভক্তদের আগ্রহও চোখে পড়ার মতো।
এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব।
চলচ্চিত্রটির গল্প ও পরীমনির চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে নতুন ভিডিওতে তাঁর ভিন্নধর্মী উপস্থিতি এবং ‘শুভ শক্তির জয় হোক’ বার্তা ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
