আজকাল ওয়েবডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কনট প্লেস-সহ দিল্লির বিভিন্ন প্রান্তে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র লাগাতার বিক্ষোভ ও আন্দোলনের পাল্টা হিসেবে এবার খাস রাজধানীতেই ময়দানে নামল ‘লাল হিট জনতা পার্টি’। রবিবার দিল্লির মালব্য স্মৃতি ভবনে দলটির প্রথম সদস্য সংগ্রহ ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সিজেপি-র বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আয়োজিত এই সভায় দলের প্রধান অয়ন ভাটনগর-সহ অন্য বক্তারা একযোগে সিজেপি, কংগ্রেস এবং বিক্ষোভকারীদের কড়া ভাষায় নিশানা করেন। তাঁদের অভিযোগ, আন্দোলনের নামে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কালিমালিপ্ত করা হচ্ছে এবং উৎসবের মরসুমে দিল্লির ব্যবসায়ীদের চরম আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
ককরোচ মারার কীটনাশক ‘হিট স্প্রে’-র নাম ধার করে তৈরি এই অভিনব দলের প্রধান অয়ন ভাটনগর বিক্ষোভকারীদের সরাসরি ‘কীটপতঙ্গ’ ও ‘আরশোলা’ বলে আক্রমণ শানান। তিনি দাবি করেন, স্বল্প সময়ের নোটিশেও মানুষ বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা এই বিশৃঙ্খলা মেনে নিচ্ছেন না। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি রাস্তায় নামার ডাক দেন, তবে কত লক্ষ মানুষের জমায়েত হবে তা বিরোধীদের কল্পনারও বাইরে। দশেরা থেকে দীপাবলি পর্যন্ত গোটা দেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় কেনাকাটার মরসুম চলে; সেই সময় কনট প্লেসের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র স্তব্ধ করে আন্দোলন কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। আইনজীবী প্রশান্ত ভূষণের ‘রেজিম চেঞ্জ’ বা শাসন পরিবর্তনের মন্তব্যের তীব্র বিরোধিতা করে ভাটনগর বলেন, মাত্র ৫০ হাজার মানুষ রাস্তায় জড়ো হয়ে দাবি করলেই দেশের সাংবিধানিক প্রধান পদত্যাগে বাধ্য হতে পারেন না। আজ মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা চাওয়া হচ্ছে, কাল হয়তো প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হবে—এমন বিপজ্জনক প্রবণতা গণতন্ত্রের জন্য মারাত্মক।
সম্মেলনে অংশ নেওয়া বক্তারা দাবি করেন, সিজেপি-র এই অরাজকতার পেছনে সরাসরি মদত দিচ্ছে কংগ্রেস এবং বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএ। গণতন্ত্র ও পুলিশ প্রশাসনের ওপর মানুষের আস্থা নষ্ট করে দিল্লির মসনদ দখল করাই এদের আসল উদ্দেশ্য বলে তোপ দাগেন দলটির নেতৃত্ব। সভায় উপস্থিত সাংবাদিক পবন মন্তব্য করেন, যেখানে আরশোলা থাকবে, সেখানেই ‘লাল হিট’ দিয়ে তার মোকাবিলা করা হবে। তাঁর দাবি, এই আন্দোলনের জেরে ইতিমধ্যেই ব্যবসায়ীদের প্রায় ৩ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, যা আগামী দিনে ১০ হাজার কোটিতে গিয়ে ঠেকতে পারে। কথক নৃত্যশিল্পী রিচা গুপ্তা তরুণ প্রজন্মকে ভুল পথে পরিচালিত না হওয়ার আহ্বান জানিয়ে মোদী সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ না থেকে জাতীয়তাবাদী শক্তির সমর্থনে রাজপথে নেমে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিয়েছে এই নবগঠিত মঞ্চ।
