নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
যশোরের ঝিকরগাছায় পূজা দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাই বোন নিহত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় যাত্রীবাহী ভ্যানের সাথে গরু বহনকারী নসিমনের সংঘর্ষে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের শিক্ষক সাধন কুমারের দুই শিশু সন্তান শোভন (১০) ও দিশা (৩)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এদিন সন্ধ্যা ৬টার দিকে বাবা মায়ের সাথে দুই শিশু ঝিকরগাছা বাজারে পূজা দেখতে যাচ্ছিল। পথে ফুলতলা এলাকায় তাদের বহনকৃত ভ্যানের সাথে গরু বহনকারী নসিমনের সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে শিশু দুটি ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া, নসিমন চালক ও একজন যাত্রী গুরুতর আহত হন। সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। দুর্ঘটনায় স্বামী স্ত্রী অক্ষত রয়েছেন। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
খুলনা গেজেট/উউরা
