খুলনার তেরখাদায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে নৌকায় তুলে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তেরখাদার মধুপুর এলাকার সামিউল শেখ (২৮), মাজাহারুল কাজী (২২) ও শাজাহান শরীফ (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে নদী পার হয়ে দিঘলিয়ায় যাওয়ার জন্য মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন ওই নারী। এ সময় কয়েকজন তাকে নদী পার করে দেয়ার কথা বলে নৌকায় তোলেন। তবে দিঘলিয়ার দিকে না নিয়ে তাকে শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন ওই নারী। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
