বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সাইদা কামালের বয়স হয়েছিল ৭৪ বছর।
সাইদা কামাল কবি সুফিয়া কামালের মেয়ে। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বেসরকারি প্রতিষ্ঠান আমরাই পারি–এর চেয়ারপারসন সুলতানা কামালের ছোট বোন। সুলতানা কামাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা গেছে, সাইদা কামাল দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি বিদেশে অবস্থানরত একমাত্র মেয়েকে রেখে গেছেন।
পরিবার আরও জানায়, সাইদা কামাল তাঁর সৃজনশীল শিল্পকর্মের মধ্য দিয়ে দেশের চারুশিল্পে অবদান রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় শিক্ষা লাভের পর তিনি শান্তিনিকেতনের কলাভবনে নকশা বিষয়ে প্রশিক্ষণ নেন। দেশ-বিদেশে তাঁর বহু একক আর যৌথ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সাইদা কামাল তাঁর বড় বোন সুলতানা কামালের সঙ্গে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে কর্মরত ছিলেন। এ অবদানের জন্য তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র (CinC’s Special Commendation’) লাভ করেন।