এক দলের সামনে ফাইনালের স্বপ্ন, অন্য দলের সামনে অবস্থান বাঁচানোর লড়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই বিপরীত বাস্তবতা নিয়ে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি বাংলাদেশের জন্য পয়েন্ট টেবিলে আরও ওপরে ওঠার সুযোগ, আর ক্যারিবীয়দের জন্য হতাশার চক্রে কিছুটা স্বস্তি ফেরানোর শেষ মঞ্চ। সেই লড়াইয়ে নামার আগেই নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। তার চাওয়া, বাংলাদেশের মাটিতে দুই টেস্টেই জয়।
বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। রোস্টন চেজের নেতৃত্বাধীন এই দলে জায়গা হয়নি সাদা বলের অধিনায়ক শাই হোপ ও অভিজ্ঞ পেসার আলজারি জোসেফের। দুজনের অনুপস্থিতি দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। তবে তাদের বাদ পড়ার পেছনে রয়েছে আলাদা কারণ। টানা ক্রিকেটের মধ্যে থাকা হোপকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সামনে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব থাকায় তার কাজের চাপ নিয়ন্ত্রণে রাখতে চায় বোর্ড।
অন্যদিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আলজারি জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চোটের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার জায়গায় দলে ঢুকেছেন অলরাউন্ডার কেমো পল।
দলের সবচেয়ে নতুন মুখ কেভিন উইকহ্যাম। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন ইনিংসে টানা তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের ইনিংসগুলোই তাকে নির্বাচকদের নজরে এনেছে। পুরো প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ছয় সেঞ্চুরি রয়েছে তার।
এ ছাড়া দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। হ্যামস্ট্রিংয়ের চোটে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে না পারলেও এবার আবারও জায়গা ফিরে পেয়েছেন তিনি। অন্যদিকে পাকিস্তান সিরিজে সুযোগ না পাওয়া কার্ক ম্যাকেঞ্জিকে এবার আর দলে রাখেনি নির্বাচকেরা।
উইন্ডিজ কোচ স্যামি বলেন, ‘এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে আমরা কিছু লক্ষ্য নির্ধারণ করেছিলাম। এর মধ্যে একটি ছিল র্যাংকিংয়ের শীর্ষ অর্ধে থেকে চক্র শেষ করা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আমরা সেটা অর্জনের জন্যই লড়ব।’
লক্ষ্য অর্জনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের বিকল্প দেখছেন না স্যামি। বরং দুই ম্যাচেই জিততে চান তিনি। বাংলাদেশে খেলার চ্যালেঞ্জ স্বীকার করেও আত্মবিশ্বাসের ঘাটতি নেই তার কণ্ঠে, ‘এই সিরিজ ২-০ ব্যবধানে জিততে পারলে আমরা সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছাতে পারব। বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে, আর আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’
পয়েন্ট টেবিল অবশ্য ক্যারিবীয়দের জন্য খুব একটা স্বস্তির নয়। ১২ ম্যাচে মাত্র দুটি জয় ও দুটি ড্র নিয়ে আট নম্বরে রয়েছে তারা। হেরেছে আটটি ম্যাচে। তাদের নিচে রয়েছে কেবল পাকিস্তান। বিপরীতে ছয় ম্যাচে তিন জয়, দুই হার ও এক ড্র নিয়ে ৫৫.৫৬ শতাংশ পয়েন্টে চতুর্থ স্থানে বাংলাদেশ। ফলে দুই দলের সামনে সিরিজের গুরুত্ব এক হলেও প্রাপ্তির হিসাব আলাদা।
বাংলাদেশের লক্ষ্য নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ফাইনালের দৌড়ে অবস্থান আরও শক্ত করা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের চাওয়া, শেষ সিরিজে ভালো ফল করে শীর্ষ পাঁচের লক্ষ্য পূরণের সম্ভাবনা বাঁচিয়ে রাখা। সে কারণে স্যামির ২-০ জয়ের প্রত্যাশা শুধু কথার কথা নয়, এটি তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানের গুরুত্বপূর্ণ হিসাবও।
আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। এর আগে ১৭ অক্টোবর থেকে বাংলাদেশ খেলবে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। ব্যস্ত সূচির মধ্যেই টেস্টের প্রস্তুতি সারতে হবে শান্তদের।
বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।
