ক্রিকেটের আইন বাংলাসহ পাঁচটি ভারতীয় ভাষায় সহজলভ্য করেছে ক্রিকেটের আইন প্রণয়ন ও সংরক্ষণের দায়িত্বে থাকা ঐতিহ্যবাহী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)। এ উদ্যোগের আওতায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গেও কাজ চলছে বলে জানিয়েছেন MCC-র ক্রিকেট ও অপারেশনস বিভাগের পরিচালক রব লিঞ্চ।
বুধবার (১৪ অক্টোবর) লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ‘দ্য লজ অব ক্রিকেট, নাউ ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ’ শীর্ষক এ অনুষ্ঠানে মাতৃভাষায় ক্রিকেটের আইন সহজলভ্য করা, প্রযুক্তির ব্যবহার এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেট শিক্ষার প্রসার নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক আজিজুল আম্বিয়া। বিভিন্ন ভাষায় ক্রিকেটের আইন প্রকাশের উদ্যোগ মাঠপর্যায়ে কীভাবে কার্যকর করা যায় এবং বাংলাদেশের ক্রিকেট একাডেমি, স্থানীয় ক্রিকেট সংস্থা ও ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে রব লিঞ্চ জানান, ভারতে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় ক্রিকেটের আইন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গেও এ বিষয়ে কাজ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ক্রিকেটের আইন মাতৃভাষায় জানার সুযোগ বাংলাভাষী ক্রিকেটার, কোচ, আম্পায়ার ও দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের নিয়ম সম্পর্কে সচেতন করা এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষে সাংবাদিক নবনীতা সরকার। আলোচনায় অংশ নেন MCC-র ক্রিকেট আইনবিষয়ক ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট এবং ক্রীড়া প্রযুক্তি প্রতিষ্ঠান রিবলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শ্রীকান্ত টাঙ্গুতুরি।
অনুষ্ঠানে প্রশ্ন করেন প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (PTI) সাংবাদিক অদিতি খান্না এবং দৈনিক প্রথম আলোর সাংবাদিক আজিজুল আম্বিয়াসহ অন্যরা। এ ছাড়া উপস্থিত ছিলেন চ্যানেল এসের সাংবাদিক মুস্তাক বাপল, সাংবাদিক রেজাউল করিম মৃধা, ইমদাদুন খানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
MCC-র বহুভাষিক উদ্যোগের আওতায় ইংরেজির পাশাপাশি হিন্দি, উর্দু, বাংলা, মারাঠি ও কন্নড় ভাষায় ক্রিকেটের আইন জানার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট অ্যাপটিতে আইন অনুসন্ধান, কুইজ এবং বিষয়ভিত্তিক হালনাগাদ তথ্যের সুবিধাও রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগের প্রযুক্তিগত উন্নয়নে কাজ করেছে যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া প্রযুক্তি প্রতিষ্ঠান রিবল (Reeble), যার উন্নয়ন দল ভারতে কাজ করে।
ক্রিকেটের আইন নিজস্ব ভাষায় জানার সুযোগ বাড়লে খেলোয়াড়, কোচ, আম্পায়ার ও সাধারণ দর্শকদের মধ্যে নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। বিসিবির সঙ্গে MCC-র কাজের বিষয়টি বাংলাদেশে এ উদ্যোগের সম্প্রসারণের সম্ভাবনাকে সামনে এনেছে। তবে এ সহযোগিতার আওতায় নির্দিষ্ট কর্মসূচি ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইএন/এসএ
