The Sangbad · সাধারণ
চাঁদপুরে আন্-নাজির ট্রাস্টের মানবিক কার্যক্রম শুরু
১৫/১০/২০২৬

চাঁদপুর শহরের নাজিরপাড়াস্থ ‘আন্-নাজির আইডিয়াল মাদ্রাসা’ প্রাঙ্গণে স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন ও আন্-নাজির ট্রাস্টের যৌথ অংশীদারত্বে নতুন মানবিক ও শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর প্রধান অতিথি উদ্বোধনী ফলক উন্মোচন করে যৌথ এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন ও আন্-নাজির ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. রহমান জিলানী।প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা সেবার প্রসারে সরকারি টিআর/কাবিখা তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকা অনুদান বরাদ্দের ঘোষণা দেন। তিনি বলেন, ‘মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে, যেন প্রতিষ্ঠান পরিচালনায় কিংবা শিক্ষক-শিক্ষার্থীদের কোনো কষ্টে পড়তে না হয়।’নাজিরপাড়ার সঙ্গে নিজের পুরোনো স্মৃতির কথা স্মরণ করে তিনি আরও বলেন, এলাকার বিত্তবান ও সুশীল সমাজ সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এটি চাঁদপুর জেলায় একটি অত্যন্ত মানসম্মত ও সুনামধন্য দ্বীনি ও আধুনিক শিক্ষানিকেতন হিসেবে পরিচিতি লাভ করবে।সভাপতির বক্তব্যে ড. রহমান জিলানী আন্-নাজির ট্রাস্ট এবং স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের ভবিষ্যৎ রূপরেখা, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং শিক্ষা বিস্তারের নানামুখী পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন।বিশিষ্ট সমাজসেবক মুনীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্-নাজির ট্রাস্টের চেয়ারম্যান নাজমা রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব ও আন্-নাজির আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হাফেজ মাওলানা নিজামুল হক, উপাধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ হারিস, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, সহসভাপতি ফেরদৌস আলম বাবু, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু ও আব্দুল কাদের দেওয়ান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় অধিবাসীরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗