নরসিংদীর মনোহরদীতে রাস্তা আটকে এক ব্যক্তির মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মনোহরদীর হেতেমদী গ্রামের ঢাকা-কিশোরগঞ্জ সড়কে দেশীয় অস্ত্র দিয়ে কুপানোর ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী হুমায়ুন কবির ঢাকার একটি স্কুলের শিক্ষকতা করেন। পূজার ছুটি শেষে ঢাকা ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন তিনি। এ ঘটনায় মনোহরদী থানায় একটি অভিযোগ করা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, ‘ঢাকা কিশোরগঞ্জ সড়কে হেতেমদী গ্রামের আন্ডারপাসের কাছে আসার পরই চারটি মোটরসাইকেলে লোকজন এসে আমার গতিরোধ করে। তাদের হাতে চাপাতি ও দেশীয় অস্ত্র ছিল। আমাকে কোপানোর ভয় দেখিয়ে মোটরসাইকেল, মোবাইল, মানিব্যাগ, মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীরা স্থানীয় ভাষায় কথা বলছিল।’
ছিনতাই হওয়া মোটরসাইকেলটি সুজুকি এসএফ মডেলের কালো রঙের। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৭১-৪০৮৬, চেসিস নম্বর আরএমবিএল-ইডি১১এফ-১৪৫৩৬২, ইঞ্জিন নম্বর বিজিএ৫-২৯৫৪১১।
অভিযোগের বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা কালবেলাকে বলেন, ‘মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার পর মনোহরদী থেকে বেলাবোর দিকে গেছে। বিভিন্ন স্থানের সিসিক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’
