ইরান: ফের উত্তপ্ত হরমুজ। হামলার মুখে পড়ল এক বাণিজ্যিক জাহাজ। গতকাল এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। জাহাজটিতে থাকা ২১ জন ভারতীয় নাবিক সহ সমস্ত ক্রু সদস্য নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।
সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। পাশাপাশি নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজ পরিচালনাকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ব্রিটেনের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে ওমানের বুকহা উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল পশ্চিমে জাহাজটিতে হামলা হয়। এরপর জাহাজটিতে আগুন লাগলে পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। সেই সময় ট্যাঙ্কারটি স্থির অবস্থায় ছিল বলে জানান গিয়েছে।
উল্লেখ্য গত ১৬ অক্টোবর এমটি এসটি ৩ নামে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারেও প্রজেক্টাইলের আঘাত লাগে। ওই জাহাজে থাকা ১৫ জন ভারতীয় নাবিকও নিরাপদ ছিলেন। পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে ব্যপক। ভারত আন্তর্জাতিক জলপথে নিরাপদ জাহাজ চলাচল এবং সামুদ্রিক বাণিজ্যের অবাধ প্রবাহ বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে।
